উজবেকস্তানকে প্রযুক্তি সেবা দেয়ার চুক্তি হতে পারে অক্টোবরে
বাংলাদেশ থেকে বিপিও এবং সফটওয়্যার সেবা নিতে পারে উজবেকস্তান। দেশটির গবেষণা ও উন্নয়নেও অংশীদার হওয়ার আগ্রহ রয়েছে বাংলাদেশের। এসব বিষয় নিয়ে আগামী অক্টোবরে দুই দেশের মধ্যে ভার্চুয়ালি একটি সমঝোতা চুক্তি হতে পারে।
মধ্য এশিয়ার প্রাণকেন্দ্র উজবেকস্তানে সফররত বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে এ তথ্য জানতে পেরেছে ডিজিবাংলা।
সূত্রমতে, সাইড লাইন বৈঠকে উজবেকিস্তানের প্রধানমন্ত্রীর ডিজিটাল টেকনোলজি উপদেষ্টা অলিমজন ইমারাভ, দেশটির উদ্ভাবনী উন্নয়ন মন্ত্রী ইব্রোখিম ওয়াই আবদুর আখমনভের সঙ্গে আলোচনায় দুদেশের মধ্যে অংশীদারত্বের ভিত্তিতে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
এছাড়াও শুক্রবার সমরখন্দের গভর্নর এরকিনজন তুরদিমভের ও রোববার বুখারার গভর্নর ওকতাম বারনয়েভের আতিথেয়তা গ্রহণ করে ফলপ্রসু বৈঠক করেছেন সফররত প্রতিনিধি দলের প্রযুক্তি ব্যবসায়ীদের প্রতিনিধি দলটি। সোমবার সন্ধ্যায় ব্যাসায়ী সংগঠনের সঙ্গেও বৈঠক করবেন তারা।
https://digibanglatech.news/news/local/ict/58826/
এই দলের নেতৃত্ব দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিটি বৈঠকেই আইসিটি প্রতিমন্ত্রী প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরে প্রযুক্তি দক্ষ জনশক্তি আকর্ষণের পাশাপাশি বিনিয়োগ সম্ভাবনার তথ্যচিত্র উপস্থাপন করেছেন। যৌথ অংশদারিত্বের মাধ্যমে দেশটির প্রযুক্তি খাতে অবদান রাখার অভিপ্রায় ব্যক্ত করেছেন। উজবেকিস্তান চাইলে দেশটিকে প্রযুক্তিগত ক্ষেত্রে সহায়তার কথাও জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী।
তিনি বলেছেন, বৈঠকে গবেষণা এবং বিজ্ঞানের ক্ষেত্রে উজবেকস্তান অল্পদিনেই কীভাবে এতো অগ্রগতি অর্জন করেছে তা আমাদের সঙ্গে শেয়ার করেছে। আমরাও ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে আমাদের উদ্যোগগুলো তুলে ধরেছি। তারা আমাদের কাছ থেকে প্রযুক্তি সহযোগিতা চেয়েছে। বিনিয়োগেরও প্রস্তাব দিয়েছে। এসব প্রস্তাব ও সম্ভাবনাগুলো যাচাই করে উজবেকস্তানের সঙ্গে প্রযুক্তি, জনবল কিংবা সেবা বিনিময়ে এ বিষয়ে চুক্তি হবে।
২০২৫ সালের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে রপ্তানি আয় ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলারে উন্নীত করার লক্ষ্যের কথা জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক আরো বলেছেন, সে ক্ষেত্রে উজবেকিস্তান হতে পারে ‘রপ্তানি গন্তব্য’।
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপ (আইএসডিবি গ্রুপ) এর বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে তাসখন্দে রাওনা হয় ১৪ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এই দলে এফবিসিসি আই সাবেক সভাপতি মীর নাসির, বর্তমান সহ-সভাপতি এম.এ রাজ্জাক খান রাজ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএম) সভাপতি মোহাম্মদ আলী খোকন, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, বিসিএস সভাপতি শাহিদ উল মুনীর, বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ ও সাধারণ সম্পাদক তৌহিদ হোসেনসহ প্রযুক্তি, শিল্প ও পোশাক খাতের উদ্যোক্তারা।
উদ্যোক্তাদের মধ্যে এই প্রতিনিধি রয়েছেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক লিয়াকত আলী লিয়াকত, ওয়ালমার্ট ইলেকট্রিক এন্ড ইলেকটনিক্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ ফরিদ আহমেদ, ওয়ালকার্টের ব্যবস্থাপনা পরিচালক সাবিহা জারিন অরনা এবং দোহাটেক নিউ মিডিয়ার প্রেসিডেন্ট এ. কে.এম সামসুদ্দোহা।
সাত দিনের সফর শেষে আগামীকাল মঙ্গলবার দেশে ফিরবেন এই প্রতিনিধি দলটি।